২০২৬ সালের ৭ আগস্ট আন্তর্জাতিক রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। মধ্যপ্রাচ্যের তীব্র সামরিক উত্তেজনার পটভূমিতে পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে।
এই চুক্তির অন্যতম প্রধান আকর্ষণ হলোÑ তিন দেশের যেকোনো একটির বিরুদ্ধে সশস্ত্র হামলাকে সবার বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা, যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির কথা মনে করিয়ে দেয়। মক্কার মতো পবিত্র স্থানে এই চুক্তি স্বাক্ষরের প্রতীকী গুরুত্বও অপরিসীম। এটি কেবল তিনটি রাষ্ট্রের সামরিক সমঝোতা নয়; বরং পরিবর্তিত বিশ্বব্যবস্থায় মুসলিম বিশ্বের সম্ভাব্য নতুন কৌশলগত মেরুকরণের ইঙ্গিত।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছেÑ এটি কি কেবল তাৎক্ষণিক একটি নিরাপত্তা জোট, নাকি একটি ‘মুসলিম ন্যাটো’র আদলে বৃহত্তর ঐক্য ও আত্মনির্ভরতার নতুন অধ্যায়? চুক্তির মূল কাঠামো : ধারা ৫-সদৃশ প্রতিরক্ষা নীতি মক্কা চুক্তির সবচেয়ে আলোচিত দিক হলোÑ এর পারস্পরিক সমষ্টিগত প্রতিরক্ষা নীতি। এটি ন্যাটোর ‘আর্টিকেল ৫’-এর সঙ্গে তুলনীয় হলেও, একে এখনই সরাসরি ‘ইসলামিক ন্যাটো’ বলা অতিরঞ্জিত হবে।
কারণ, ন্যাটোর মতো এর স্থায়ী সমন্বিত সামরিক কমান্ড কিংবা পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো গড়ে ওঠেনি। মূলত এটি তিন দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে এক ছাতার নিচে আনার কৌশলগত উদ্যোগ। ফলে কাগজে-কলমে ঘোষণা চেয়ে এর প্রকৃত শক্তি নির্ভর করবে যৌথ সামরিক মহড়া, দ্রুত গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ অস্ত্র উৎপাদনের বাস্তব সাফল্যের ওপর।
তিন রাষ্ট্রের কৌশলগত স্বার্থ ও ভূ-অর্থনৈতিক সমীকরণ চুক্তিতে অংশগ্রহণকারী তিন রাষ্ট্রের নিজস্ব ও সম্পূরক ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। সৌদি আরবের জন্য আঞ্চলিক নিরাপত্তা ও নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এখন প্রধান অগ্রাধিকার। তুরস্ক এই কাঠামোয় নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, উন্নত সামরিক শিল্প ও কৌশলগত অভিজ্ঞতা।
অন্যদিকে পাকিস্তান যুক্ত করেছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, উল্লেখযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা ও পারমাণবিক শক্তির বিশেষ কৌশলগত অবস্থান। পাশাপাশি, এই চুক্তির প্রভাব কেবল প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি বড় ধরনের ভূ-অর্থনৈতিকসমীকরণের নির্দেশক। কৌশলগতভাবে এই তিন দেশের অর্থনৈতিক সক্ষমতা একটি অপরটির পরিপূরক। সৌদি আরবের রয়েছে বিশাল আর্থিক মূলধন ও কৌশলগত জ্বালানি সম্পদ, তুরস্কের রয়েছে দ্রুত বর্ধনশীল উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্প খাতের শক্তি, আর পাকিস্তানের রয়েছে বিশাল জনশক্তি ও সামরিক অবকাঠামো।
যৌথ অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই জোট প্রতিরক্ষা আমদানিতে পশ্চিমা নির্ভরতা ও বিশাল বৈশ্বিক খরচ কমাতে সক্ষম হবে। এ ছাড়া, প্রস্তাবিত অর্থনৈতিক ও সামরিক করিডরগুলো ভবিষ্যতে কেবল মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়া এবং ইউরেশিয়ার বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার নতুন পথ উন্মোচন করতে পারে। ভারতের অবস্থান : দক্ষিণ এশিয়ায় নতুন নিরাপত্তা হিসাব মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রভাব দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণেও পড়তে পারে।
পাকিস্তান এই চুক্তির অন্যতম অংশীদার হওয়ায় ভারতের জন্য এর সম্ভাব্য সামরিক ও কৌশলগত প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং তুরস্কের সঙ্গে তার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও গভীর হওয়ার সম্ভাবনা নয়া দিল্লির জন্য নতুন হিসাব তৈরি করতে পারে। তবে সৌদি আরবের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি সম্পর্ক থাকায় চুক্তিটিকে সরাসরি ‘ভারতবিরোধী জোট’ হিসেবে দেখার সুযোগ নেই।
বরং ভারতের প্রধান বিবেচনা হবেÑ এই প্রতিরক্ষা কাঠামো ভবিষ্যতে কীভাবে বিস্তৃত হয় এবং এর ফলে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসে। একইভাবে, বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা ভারতের জন্যও নতুন কূটনৈতিক ও নিরাপত্তাগত হিসাব তৈরি করতে পারে। ফলে চুক্তিটির ভবিষ্যৎ গতিপথ দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
মক্কা চুক্তির সামনে ফিলিস্তিন প্রশ্নটি এক গুরুত্বপূর্ণ নৈতিক ও কূটনৈতিক পরীক্ষা। গাজায় চলমান মানবিক সংকট ও সংঘাত মুসলিম বিশ্বে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই চুক্তি যদি কেবল সদস্য রাষ্ট্রগুলোর সীমানা রক্ষায় সীমাবদ্ধ থাকে, তবে সাধারণ মুসলিম উম্মাহর কাছে এর গ্রহণযোগ্যতা ব্যাহত হতে পারে। সৌদি আরব ও তুরস্কের অবস্থান অনুযায়ীÑদ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও সাধারণ মানুষের সুরক্ষায় এই জোট যদি আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, তবেই এর আসল নৈতিক সফলতা অর্জিত হবে।
আঞ্চলিক স্থিতিশীলতা ও নতুন ভূরাজনৈতিক মেরুকরণ: এই চুক্তি একদিকে যেমন আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পারে, অন্যদিকে তেমনি নতুন ভূরাজনৈতিক মেরুকরণের আশঙ্কাও তৈরি করতে পারে। তিন শক্তির এই সমন্বয় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রকে তাদের নিরাপত্তা পরিকল্পনা ও কৌশলগত হিসাব পুনর্বিবেচনায় উৎসাহিত করতে পারে।
যদিও উদ্যোক্তারা স্পষ্ট করেছেন যে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয় এবং এটি একটি প্রতিরক্ষামূলক কাঠামো। ফলে এটি অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষা করবে, নাকি নতুন কোনো ভূরাজনৈতিক প্রতিযোগিতার জন্ম দেবেÑ তা নির্ভর করবে সংকটকালে সদস্য রাষ্ট্রগুলোর বাস্তব আচরণের ওপর। সম্প্রসারণের সম্ভাবনা : মিশর, কাতার ও অন্যরা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে কি-না, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
চুক্তির কাঠামো অন্যান্য দেশকে ভবিষ্যতে সম্পৃক্ত হওয়ার সুযোগ রাখায় এর পরিধি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মিসর, কাতারসহ অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা চুক্তিটির কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়াতে পারে। তবে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে শুধু সামরিক সক্ষমতা নয়, সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক আস্থা, অভিন্ন নিরাপত্তা-স্বার্থ এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকেও গুরুত্ব দিতে হবে।
অতিরিক্ত সম্প্রসারণের ফলে যদি অভ্যন্তরীণ মতপার্থক্য বাড়ে, তাহলে জোটের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ধীরে, বাস্তবসম্মত ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্প্রসারণই এই প্রতিরক্ষা কাঠামোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে পারে। ইরানের অন্তর্ভুক্তি : জটিল কূটনৈতিক মেরুকরণ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যোগদানের সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল, কারণ সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও অবিশ্বাসের ইতিহাস রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটলেও একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোয় একসঙ্গে অবস্থান করা সম্পূর্ণ ভিন্ন ধরনের কৌশলগত সমন্বয় দাবি করে। ভবিষ্যতে ইরান এতে যুক্ত হলে চুক্তিটির ভৌগোলিক পরিসর ও কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণেও নতুন মাত্রা যোগ হতে পারে।
তবে এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সম্ভাব্য ফলাফল ধরে নেওয়ার পরিবর্তে পরিস্থিতির কূটনৈতিক গতিপথ পর্যবেক্ষণ করাই অধিক যুক্তিসংগত। বাংলাদেশের সম্ভাব্য যোগদান ও আঞ্চলিক ভারসাম্য ‎মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশ এখনো চুক্তিতে যোগ দেয়নি; তবে ২৪ আগস্ট ২০২৬ বাংলাদেশ চুক্তিটিতে আগ্রহ প্রকাশ করেছে।
২৭ আগস্ট জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানান, চুক্তির সদস্যদেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। ফলে বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে জাতীয় স্বার্থ ও কৌশলগত ভারসাম্য বজায় রাখা।
মুসলিম বিশ্বের সঙ্গে ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি ভারতের সঙ্গে ভৌগোলিক নৈকট্য ও বহুমাত্রিক সম্পর্কও বিবেচনায় রাখতে হবে। তাই সম্ভাব্য সম্পৃক্ততার ক্ষেত্রে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ নীতি অক্ষুণœ রেখে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সর্বোপরি, ২০২৬ সালের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বিশ্ব রাজনীতির একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, যা কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়Ñ মুসলিম বিশ্বের অর্থনৈতিক আত্মনির্ভরশীলতারও বড় সুযোগ। যৌথ প্রযুক্তি বিকাশ, শক্তি ও বাণিজ্য সুরক্ষা নিশ্চিত করতে পারলে এটি ভূরাজনীতিতে এক টেকসই ক্ষমতার ভারসাম্য তৈরি করবে। তবে এর সাফল্য নির্ভর করবে সংকটকালে বাস্তব প্রয়োগ, ফিলিস্তিন সংসংকট নিরসন এবং ইরান ও বাংলাদেশের মতো দেশগুলোর কূটনৈতিক অবস্থানের ওপর।
শেষ পর্যন্ত এটি তিন দেশের প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে, নাকি বৃহত্তর মুসলিম বিশ্বের সংহতির ভিত্তি হবেÑ তা-ই এখন দেখার বিষয়।
















