রাজধানীর পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৮ আগস্ট) রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতি চাল, প্রাকৃতিক ভেষজ পণ্য (হিমালয়ান শিলাজিৎ রেজিন) এবং চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। একই সঙ্গে একজন চোরাকারবারিকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের বিভিন্ন এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

















