মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। শনিবার (৮ আগস্ট) বিকেলে চরজানাজাত ইউনিয়নের বেপারী বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, চরজানাজাত ও চরচান্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ড্রেজার বসিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। পরে এসব বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। অবাধে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙনের মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
তারা আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের পাশাপাশি তীরবর্তী এলাকায় ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন। বক্তারা অবিলম্বে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, নুর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর, মো. মোতালেব বেপারীসহ স্থানীয় বাসিন্দারা।






















