সাজেকের সার্বিক পরিস্থিতি নিয়ে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার হেডম্যান ও কাব্বারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এমপি।
‎ ‎এ-সময় প্রধান অতিথি বলেন, সাজেকের পরিস্থিতি নিয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়। এই কমিটি সম্ভব হলে আগামীকাল সমস্যা সমাধানে বৈঠকে বসবেন। সাজেকের কাব্বারী অ্যাসোসিয়েশন নামে যে সংগঠনের কথা উঠেছে তা খতিয়ে দেখতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। ‎ ‎তিনি বলেন, সাজেকে যে উদ্ভব পরিস্থিতি চলছে তা নিরসন করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।
যা হবার হয়ে গেছে,এখন কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাধান করা যায়, সেদিকে আমাদের হাঁটতে হবে। এটাকে আর বাড়তে দেওয়া যাবে না। সাজেকের অবরোধ নিয়ে যে দুটি সংগঠনের নাম শোনা যাচ্ছে তার মধ্যে সাজেক কাব্বারী অ্যাসোসিয়েশন নামে একটি আন্দোলনকারী সংগঠন। মূলত আজকে হেডম্যান ও কাব্বারীদের নিয়েই এই মতবিনিময় সভা। ‎তিনি আরও বলেন,সাজেক একটি পর্যটন শিল্পনগরী হিসেবে পরিচিত।
মৌসমে হাজার হাজার পর্যটক সাজেকে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেকের পরিস্থিতি ঘোলাটে করতে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি এবং স্থানীয় প্রশাসনসহ লোকাল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সাথে নিয়ে সমস্যার সমাধান করতেই এই মতবিনিময় সভা। ‎ ‎রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, সাজেকে যা ঘটেছে তার পুনরাবৃত্তি না করে কীভাবে সমস্যার সমাধান করা যায়, সে বিষয় নিয়ে আজকের মতবিনিময় সভা।
এখানে হেডম্যান ও কাব্বারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের লোকজন উপস্থিত রয়েছেন। সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে। খুব শিগগিরই যেন সাজেক পূর্বের পরিবেশ ফিরে আসে সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবার কথা শুনব। ‎ ‎এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সরকারি বেসরকারি দপ্তর প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দসহ জেলার হেডম্যান ও কাব্বারীগণ।























