ঢাকা-খুলনা মহাসড়কের শেখপাড়া (ঝিনাইদহ)-শৈলকুপা-লাঙ্গলবাঁধ (মাগুরা) সড়ক চার লেনে উন্নীতকরণ ও মজবুতিকরণ প্রকল্পের আওতায় শৈলকুপার পাইকপাড়া মৌজার ১.০৩৫০ একর এবং ডাউটিয়া চাকিরগাতী মৌজার ১.২৫১০ একর সরকারি জমি দখলমুক্ত করতে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে মহাসড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চার লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ নির্বিঘ্নে বাস্তবায়ন এবং সরকারি জমি দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপসহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানাসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। উচ্ছেদ অভিযানে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্লার উপস্থিতিতে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি জমি দখলমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা সহ্য করা হবে না। উন্নয়নের স্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, চার লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় জমি দখলমুক্ত করা হচ্ছে।
সরকারি জমিতে অবৈধ দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চলবে।
















