জামালপুরের দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির বাস্তবায়ন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আতিয়ার রহমান।
এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি শামীম উল হাসান, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজর সজল কুমার ভদ্র, সরকারি একেএম কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা, সরকারি একেএম কলেজের প্রভাষক আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জিল বাংলা চিনিকল উচ্চ বিদ্যালয় ও আহমদ আলী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় আহমদ আলী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা বিজয়ী হয় এবং দ্বিতীয় স্থান অর্জন করে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।



















