রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় এক দালালকে আটক করা হয়েছে। জানা যায়, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার মাধ্যমে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব অপতৎপরতা রোধে আনসার সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে গাজীপুর থেকে চিকিৎসা নিতে আসা মোছা. আয়েশা (৫০)-কে দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মো. সিয়াম (২৪)। বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা দেন। এরপর তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের প্রশংসা করে হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
8:47 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
আনসারের তৎপরতায় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক
-
MIT ERP
- Update Time : 07:11:25 pm, Monday, 3 August 2026
- 4
Tag :
Popular Post





















