ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্র। পাকিস্তান আমল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। নগরীকে বাসযোগ্য রাখতে সবুজায়নের ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকার ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর যেসব স্থানে খালি জায়গা রয়েছে, সেখানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান উদ্বেগজনক। পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
5:58 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিএসসিসির ৫০০ গাছের চারা রোপণ ও হস্তান্তর
-
MIT ERP
- Update Time : 04:41:22 pm, Monday, 3 August 2026
- 5
Tag :
Popular Post
























