পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরের দক্ষিণে রূপারচর সংলগ্ন সাগরে চারদিন ধরে বিকল অবস্থায় ভাসছে মাছ ধরার ট্রলার এফবি তাওসীন। ট্রলারটিতে মালিকসহ ১৮ জেলে রয়েছেন। এরই মধ্যে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় উত্তাল সমুদ্রে তাদের উদ্ধারে তৈরি হয়েছে ঝুঁকি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গেছে, গত রোববার সাগরে মাছ ধরার সময় ট্রলারটির পাখা ভেঙে যায়। এরপর থেকে ইঞ্জিন অচল হয়ে ট্রলারটি সাগরে আটকে রয়েছে। ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ মাঝি। মঙ্গলবার মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর হানিফ মাঝি বিষয়টি নিজ এলাকার মৎস্য আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারীকে জানান।
পরে ফরহাদ হোসেনের ছেলে জোনায়েদ আল সাকি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জেলেদের উদ্ধারে সহায়তা চান। ফরহাদ হোসেন পাটোয়ারী বলেন, ৯৯৯-এ ফোন করার পর নৌপুলিশের সঙ্গে যোগাযোগ হয়। তবে বড় বোট না থাকায় তারা ঘটনাস্থলে যেতে পারেনি। এদিকে জেলেদের উদ্ধারে নিজেদের একটি ট্রলার পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ।
উত্তাল সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কোস্টগার্ড, নৌপুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেলেদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।


















