ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি এবং পেসার আলজারি জোসেফের মধ্যে প্রকাশ্য মতবিরোধ নতুন আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে জোসেফের সরে দাঁড়ানোর কারণ নিয়ে স্যামির মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এই ক্যারিবীয় পেসার। তার ভাষ্য, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন, কোনো ব্যক্তির নয়। গত ২৩ জুলাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। তখন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দলে নেই জোসেফ। তবে পরদিন সংবাদ সম্মেলনে স্যামি বলেন, জোসেফ নিজেই দলে থাকতে চাননি। তার দাবি, চোট থেকে ফেরার পর নানা কারণে এই সিরিজে খেলতে আগ্রহ দেখাননি। স্যামির সেই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জোসেফ। অ্যান্টিগা অবজারভারের গুড মর্নিং জোজো স্পোর্টস শোতে তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধান কোচ ও সিডব্লিউআইয়ের সঙ্গে তার আলোচনা হয়েছিল। বোর্ডের বিবৃতিতে ব্যক্তিগত কারণ উল্লেখ থাকলেও স্যামির মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করেছে। তার মতে, অভিজ্ঞ কোচ হিসেবে স্যামি ভালোভাবেই জানতেন, এমন বক্তব্য জনসমক্ষে কী ধরনের বার্তা দেবে। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় জোসেফ জানান, পিঠের স্ট্রেস ফ্র্যাকচার থেকে ফেরার পর শরীরের ওপর অতিরিক্ত চাপ নিতে চাননি তিনি। একই ধরনের চোটের কারণে ভারত ও নিউজিল্যান্ড সফর মিস করার পর প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে মাঠে ফেরেন এই ডানহাতি পেসার। জোসেফ বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে খেলার পর আরেকটি টেস্ট সিরিজে নামার মতো শারীরিক প্রস্তুতি তার ছিল না। চিকিৎসক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরই তিনি বিশ্রামের সিদ্ধান্ত নেন। তার দাবি, পুরো বিষয়টি বিবেচনা না করেই কোচের মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পর স্যামির সঙ্গে ভবিষ্যতে সম্পর্কের প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে জোসেফ নিজেকে পেশাদার হিসেবেই তুলে ধরেন। তিনি বলেন, আমি একজন পেশাদার। আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি, ড্যারেন স্যামির না। আমি সেখানে বন্ধু বানাতে যাই না; যাই দায়িত্ব পালন করতে এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে। এদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাল রোববার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ক্যারিবীয়রা।
4:34 am, Saturday, 1 August 2026
শিরোনাম :









