বিশ্বকাপ ফুটবল আর ফিফার বাণিজ্যিক কার্যক্রমে নতুন কাঠামোর ছক কষতেই উত্তাল হয়ে উঠেছে ফুটবল অঙ্গন। ফিফার এই পদক্ষেপের জোরালো বিরোধিতা করে সরাসরি তোপ দাগিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি এবং কনকাকাফ অঞ্চলের আরও ৪১টি সদস্য দেশ। সম্মিলিতভাবে ৯৬টি সদস্য দেশের এমন নজিরবিহীন বাধার মুখে অবশেষে পিছু হটে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সব বিতর্কের অবসান ঘটিয়ে ফিফা সাফ জানিয়ে দিয়েছে, ফুটবল বা বিশ্বকাপের মালিকানা কোনোভাবেই বিক্রি হচ্ছে না, বরং সদস্য দেশগুলোর জন্য উন্নয়নের নতুন দুয়ার খোলাই তাদের মূল লক্ষ্য। বিতর্কের মূলে থাকা প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ সম্পর্কে ফিফা জানায়, এটি পুরোপুরি তাদের নিজস্ব একটি সহযোগী প্রতিষ্ঠান হতে যাচ্ছে, যার উদ্দেশ্য বিশ^জুড়ে টুর্নামেন্ট পরিচালনা ও বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষ করা। সংবাদমাধ্যমের বিভ্রান্তিকর কিছু খবরের কারণেই সদস্য দেশগুলোর মধ্যে এই ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে সংস্থাটি জানায়, কারো ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। ২১১টি সদস্য দেশের গণতান্ত্রিক মতামতকে সম্মান জানিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো একক কনফেডারেশন বা গোষ্ঠী পুরো ফুটবল বিশ্বের প্রতিনিধিত্ব করতে পারে না— স্মরণ করিয়ে দিয়ে ফিফা দৃঢ় কণ্ঠে জানায়, ফুটবল কোনো বিক্রয়যোগ্য পণ্য নয় এবং এমন ভাবনা তাদের চিন্তাধারাতেও নেই। নতুন এই খসড়া পরিকল্পনায় ২০২৭ থেকে ২০৩০ মেয়াদে প্রতিটি সদস্য দেশের জন্য ২ কোটি মার্কিন ডলার উন্নয়ন সহায়তার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ‘ফিফা ফাস্ট ফরোয়ার্ড প্রোগ্রামে’র অধীনে এককালীন আরও ২ কোটি ডলারের ঐচ্ছিক তহবিলের প্রতিশ্রুতিও দিয়েছে তারা। তবে মাঠের খেলায় যেমন শেষ বাঁশি না বাজা পর্যন্ত জয় নিশ্চিত নয়, তেমনি এই বাণিজ্যিক কাঠামোর ভবিষ্যৎও ঝুলছে সদস্য দেশগুলোর ভোটের ওপর। সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন না পেলে এই প্রস্তাব সম্পূর্ণ বাতিল করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়ে ফুটবলের গভর্নিং বডিটি আপাতত জলঘোলা পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
4:32 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
৯৬ দেশের ক্ষোভে জল ঢালার চেষ্টা ফিফার
-
MIT ERP
- Update Time : 02:36:54 am, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post









