সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিকতা এখন শেষ পর্যায়ে। অর্থ বিভাগের আনুষঙ্গিক কাজ শেষ হলে প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্রের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরই নতুন বেতন কাঠামো কার্যকরের পথ পুরোপুরি উন্মুক্ত হবে। এর আগে গত ১২ থেকে ১৬ জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা রাজস্ব আহরণ বাড়ানো এবং ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস সম্পর্কে জানতে চায়। সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আইএমএফের সরাসরি কোনো আপত্তি বা এখতিয়ার নেই। সংস্থাটি কেবল অতিরিক্ত ব্যয়ের অর্থ সরকার কীভাবে জোগান দেবে, সে বিষয়ে জানতে চেয়েছে। পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানোর পরামর্শও দিয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। অর্থ বিভাগের সূত্র বলছে, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন, আইন, প্রতিরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসেবে রয়েছেন। গত বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নবম পে-স্কেল বাস্তবায়নের কাজ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এগিয়ে চলছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হলেও সরকার নিজস্ব প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করছে বলে তিনি জানান। নতুন বেতন কাঠামো কার্যকর হলে আইএমএফের ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণ এবং নতুন পে-স্কেল বাস্তবায়নের মধ্যে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘বেতন কাঠামোর কাজ পুরোদমে চলছে। নির্ধারিত কাজ শেষ হলে প্রজ্ঞাপন জারি করতে বেশি সময় লাগবে না।’ বেতন কাঠামো নিয়ে ধারাবাহিক আলোচনা করতে অনাগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘দুই দিন পরপর বেতন কাঠামো নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে একেক গণমাধ্যম একেকভাবে সংবাদ প্রচার করছে, করুক। আমি একবারেই কথা বলব।’ উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া ৫৫০ কোটি ডলারের আইএমএফ ঋণ কর্মসূচির পাঁচটি কিস্তি পাওয়ার পর পরবর্তী অর্থ ছাড় স্থগিত রয়েছে। এদিকে সংস্থাটির সঙ্গে ৪০০ কোটি ডলারের বেশি নতুন ঋণ কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় এ আলোচনা আরও এগিয়ে যেতে পারে। তবে সরকার এখনো নবম পে-স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত সুপারিশ চূড়ান্ত করে মন্ত্রিসভার অনুমোদন এবং প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শেষ হলেই নবম বেতন কাঠামো কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
6:01 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
নতুন পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন, আসছে অনুমোদন
-
MIT ERP
- Update Time : 04:50:38 pm, Friday, 31 July 2026
- 3
Tag :
Popular Post





















