রাজধানী ঢাকাকে নিরাপদ, সুশৃঙ্খল, পরিকল্পিত ও আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অনুমোদিত নকশা বাস্তবায়ন, ইমারত নির্মাণ আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ এবং অননুমোদিত নির্মাণ প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর রমনায় অবস্থিত আইইবি মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে রাজউকের কর্মকর্তা, প্রকৌশলী, পরিচালনা পর্ষদের সদস্য, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। এ ছাড়া রাজউকের সকল পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সদস্য (উন্নয়ন) মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হক উল্লেখযোগ্য। অনুষ্ঠানে রাজউকের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল রাজউকের সভাপতি জাফর সাদিক, সাধারণ সম্পাদক ইব্রাহিমসহ বিভিন্ন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। সেমিনারে ভবন নির্মাণ ও নগর পরিকল্পনা সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী অনুমোদিত নকশা শতভাগ অনুসরণ বাধ্যতামূলক—এ বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। নকশার ব্যত্যয় ঘটিয়ে বা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করলে নির্মাণকাজ বন্ধ, জরিমানা এবং প্রয়োজনে উচ্ছেদ অভিযানের বিধান কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া টাউন প্ল্যানিং অ্যাক্ট এবং ঢাকা স্ট্রাকচার প্ল্যান ও ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী জোনিং নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে ওপেন স্পেস, সেটব্যাক এবং ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) লঙ্ঘন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের কথা জানানো হয়। সেমিনারে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালার আওতায় নিবন্ধিত ও অনিবন্ধিত ডেভেলপারদের মাধ্যমে অননুমোদিত জলাশয় ভরাট, জমি দখল এবং অবৈধ উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধে রাজউকের আইনি ক্ষমতা আরও জোরালোভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবন মালিক, সাধারণ নাগরিক এবং রাজউকের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেন, “পরিকল্পিত ঢাকা গড়তে হলে রাজউকের আইন ও বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতেই হবে। অননুমোদিত নির্মাণ বা নকশা ব্যত্যয়কারীদের বিষয়ে কোনো ধরনের ছাড় বা আপস করা হবে না।” সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে রাজউকের প্রতিটি উইং, পরিচালক, সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “রাজউকের সেবাকে সহজ, আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে আইনের যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।” সেমিনারে বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগই হতে পারে একটি নিরাপদ ও টেকসই ঢাকা গড়ে তোলার প্রধান ভিত্তি।
10:35 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
অনুমোদিত নকশা বাস্তবায়নে কঠোর অবস্থানে রাজউক, অননুমোদিত নির্মাণে ‘কোনো ছাড় নয়’
-
MIT ERP
- Update Time : 09:15:56 pm, Thursday, 30 July 2026
- 3
Tag :
Popular Post




















