বগুড়ার ধুনটে বিএনপি ও যুবদল নেতার দায়ের করা পৃথক দুটি নাশকতা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আরিফুর রহমান দুলাল (৫২), ধুনট পৌর এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে ও পৌর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সুমন (৩৬) এবং চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের তাহের তালুকদারের ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার (৪২)। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের অভিযোগে আরেকটি মামলা করা হয়। ওই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুটি মামলার তদন্তে গ্রেপ্তার হওয়া তিন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
9:51 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
ধুনটে নাশকতার পৃথক মামলায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
-
MIT ERP
- Update Time : 08:35:37 pm, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post























