কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের টেকপাড়া এলাকার প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়ক এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের কোনো উদ্যোগ না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে টেকপাড়াসহ আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রাউতি ঈদগাহ ব্রিজ থেকে টেকপাড়া পর্যন্ত বিস্তৃত এই সড়কটি স্থানীয়দের চলাচলের অন্যতম প্রধান পথ। কিন্তু বর্ষা মৌসুমে এর বেহাল অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, জমে থাকা পানি এবং হাঁটুসমান কাদার কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল কাদায় আটকে গেলে চালক ও যাত্রীদের নেমে ঠেলে সেগুলো বের করতে হয়। সরেজমিনে দেখা যায়, সড়কটির বর্তমান অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন কাদা মাড়িয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক অভিভাবক জানান, বর্ষার দিনে সন্তানদের এই রাস্তা দিয়ে পাঠাতে তারা আতঙ্কে থাকেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। কৃষিপ্রধান এই এলাকার কৃষকেরা উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। কাঁচা রাস্তার কারণে অনেক সময় যানবাহন পাওয়া যায় না। ফলে তাদের বাড়তি পরিবহন খরচ গুনতে হচ্ছে। এদিকে জরুরি চিকিৎসার ক্ষেত্রেও এই সড়ক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের ভাষ্য, কোনো রোগী বা গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স কিংবা ভালো কোনো যানবাহন এই সড়কে ঢুকতে চায় না। বাধ্য হয়ে রোগীকে কাঁধে বা খাটিয়ায় করে প্রধান সড়কে নিয়ে যেতে হয়। স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহের উদ্দিন বলেন, এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি আমি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। রাস্তাটি সংস্কার করা এখন সময়ের দাবি। রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, টেকপাড়া সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জোর দাবি করছি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সড়কটি অবহেলিত থাকলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা এলেই তাদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এলাকাবাসীর দাবি, আর আশ্বাস নয় দ্রুত টেকপাড়া সড়কটি পাকাকরণ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। এ জন্য তারা তাড়াইল উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
8:08 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
তাড়াইলের টেকপাড়া সড়ক এখন মরণফাঁদ, বর্ষার কাদা-পানিতে চরম ভোগান্তি
-
MIT ERP
- Update Time : 06:40:59 pm, Thursday, 30 July 2026
- 4
Tag :
Popular Post





















