আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে ওমানের Star Drones, Innovation Park Muscat, Seeb-এর চিফ এক্সিকিউটিভ অফিসার Said Abdul Ghafoor Saif Udeen-এর নেতৃত্বে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও যৌথ গবেষণা এগিয়ে নেওয়ার বিষয়ে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মূল উদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, স্টার্টআপ ফান্ডিং, খাদ্য নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা। বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ওমানের Star Drones, Innovation Park Muscat, Seeb, Oman-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) Said Abdul Ghafoor Saif Udeen-এর নেতৃত্বে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ওমানের প্রতিনিধিরা তাদের বিজ্ঞান, ড্রোন এবং এআই-সংক্রান্ত উদ্যোগগুলোর কথা তুলে ধরেন। ওমানি প্রতিনিধি দল জানায়, তাদের একটি স্টার্টআপ ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে, যা প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনী উদ্যোগগুলোতে অর্থায়ন করে। ওমানি দল তাদের নিজস্ব এলএলএম (Large Language Model) এবং ডেটা সুরক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানায়। বৈঠকে মুসলিম দেশগুলোর নিজস্ব প্রযুক্তি ও ডেটা সেন্টার ব্যবহার এবং ডেটা সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বাংলাদেশের বিশাল তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী, বিশেষ করে আইসিটি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দক্ষ জনশক্তির বিষয়ে তুলে ধরেন। তিনি বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন এবং রোবোটিক্স খাতে তরুণদের আগ্রহ ও এ বিষয়ে সরকারের উদ্যোগের কথা জানান। সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন ও গবেষণার অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষিত করে গড়ে তোলার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। ড্রোন ব্যবহারের মাধ্যমে ওমানে হাজার হাজার একর জমিতে কীটনাশক বা স্প্রে ছিটানোর কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে ওমানের প্রতিনিধি দল তাদের বক্তব্যে তুলে ধরে। বাংলাদেশে কৃষিকাজ, কীটনাশক ছিটানো, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অগ্নি-নিরাপত্তায় এই ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিশাল সুযোগ রয়েছে বলেও ওমানের প্রতিনিধি জানান। বাংলাদেশে লবণাক্ততা প্রতিরোধী ধানের জাত ব্যবহার করে যৌথ গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, ডায়াবেটিস রোগীদের উপযোগী বিশেষ চালের জাতের বিষয়ে ওমানের প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করে। খাদ্য প্রক্রিয়াজাতকরণের অংশ হিসেবে কাঁঠাল, আনারসের মতো ফল দীর্ঘমেয়াদে সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির বিষয়ে যৌথ গবেষণার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশের বিসিএসআইআর (BCSIR) শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ বিশেষ খাদ্য প্রস্তুত করেছে, যা আফ্রিকা ও ওমানে ব্যবহারযোগ্য বলে দ্বিপাক্ষিক আলোচনায় বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ উল্লেখ করেন। ওমানি দল তাদের রেড পাম উইভিল জাতের খেজুর গাছের পোকা দমন নিয়ে গবেষণার কথা উল্লেখ করে এবং এর ঔষধি গুণের জন্য যৌথ গবেষণার প্রস্তাব দেয়। বাংলাদেশের প্রতিনিধি দল এ বিষয়ে জানায়, এ ধরনের গবেষণার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো ও নীতিমালা তৈরির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের গবেষক, স্টার্টআপ এবং নীতি-নির্ধারকদের পারস্পরিক বিজ্ঞান পার্ক ও গবেষণা সুবিধা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ইনোভেশন ফেয়ারে ওমানি দলকে অংশগ্রহণের বিশেষ আমন্ত্রণ জানান। এছাড়া, আজকের আলোচনার প্রেক্ষিতে উভয় পক্ষ থেকে যোগাযোগ রক্ষা এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট ফোকাল পয়েন্ট/প্রতিনিধি নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক, ড. সৈয়দা নওশিন পর্ণিনী, ওমানের Star Drones, Innovation Park Muscat, Seeb-এর চিফ টেকনোলজি অফিসার Bassim Allah Bakhsh Ghulam Al-Zadjali, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম, সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
7:59 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
বাংলাদেশ-ওমানের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা
-
MIT ERP
- Update Time : 06:26:23 pm, Thursday, 30 July 2026
- 3
Tag :
Popular Post























