দেশব্যাপী আলোচিত বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে রুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি বা উৎপাদন প্রক্রিয়ায় ব্লেড ঢুকে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। বরং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজেই ব্লেডটি রুটির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এ ঘটনায় যাচাই-বাছাই ছাড়া রুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে। গত বুধবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে জমা দেন। ইউএনও মো. ইব্রাহীম জানান, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত দল রুটি সরবরাহকারী কারখানা সরেজমিনে পরিদর্শন করে। রুটি তৈরির প্রতিটি ধাপ পর্যবেক্ষণের পাশাপাশি বাস্তব পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়, উৎপাদন প্রক্রিয়ায় কোনো অবস্থাতেই একটি অক্ষত ব্লেড রুটির ভেতরে চলে আসা সম্ভব কি না। তদন্তে দেখা যায়, এমনটি হওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন দিক থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সংশ্লিষ্ট ছাত্রীর পরিবারের ব্যবহৃত ব্লেডও সংগ্রহ করে তদন্তে অন্তর্ভুক্ত করা হয়। তদন্তে ওই শিক্ষার্থী স্বীকার করে যে, ব্লেডটি তার ব্যাগে ছিল। বিদ্যালয়ে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শিক্ষক দেখে ফেললে বকাবকি করতে পারেন— এই আশঙ্কায় সে ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরে রুটি খোলার সময় আরেক শিক্ষার্থী বিষয়টি দেখে ফেললে ভয়ে সে নিজেই শ্রেণি শিক্ষকের কাছে গিয়ে দাবি করে, রুটির ভেতরে ব্লেড পেয়েছে। ইউএনওর ভাষ্য অনুযায়ী, শ্রেণিশিক্ষক বিষয়টি যাচাই না করেই ছবি তুলে প্রথমে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে এবং পরে ক্লাস্টার গ্রুপে পাঠান। এরপর ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। তিনি দাবি করেন, তদন্ত প্রতিবেদন শতভাগ সঠিক এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনেই এটি প্রস্তুত করা হয়েছে। এর আগে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে রুটি উৎপাদন করা হয়। উৎপাদন প্রক্রিয়ায় ধাতব কোনো বস্তু প্রবেশ করলে তা মিক্সিং পর্যায়েই ক্ষতিগ্রস্ত হওয়ার কথা; ফলে অক্ষত অবস্থায় একটি ব্লেড রুটির মধ্যে থাকার সম্ভাবনা নেই। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, সরকারি বিধি অনুযায়ী সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে শিক্ষিকা শারমিন জাহানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২২ জুলাই গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিনের রুটি ছিঁড়ে তার মধ্যে একটি ব্লেড দেখতে পাওয়ার দাবি করে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।
8:09 am, Friday, 31 July 2026
শিরোনাম :
টিফিনের রুটিতে ব্লেড পাওয়া যায়নি : তদন্ত কমিটি
-
MIT ERP
- Update Time : 05:35:16 am, Thursday, 30 July 2026
- 4
Tag :
Popular Post













