গ্রামের নাম সুখেরবাতি। তবে নামের সাথে বাস্তবের কোনো মিল নেই; কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের এই গ্রামটির মানুষের জীবনে এখন নেই সুখের কোনো আলো। সর্বগ্রাসী ব্রহ্মপুত্র নদের ভয়াবহ রূপ কেড়ে নিয়েছে তাদের সবটুকু আশা-আকাক্সক্ষা। গত দুই থেকে তিন মাসের অব্যাহত ও ভয়াবহ নদীভাঙনে সুখেরবাতি এবং পার্শ্ববর্তী ঘুঘুমারী গ্রাম দুটি আজ মানচিত্র থেকেই বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হিসাব মতে, ব্রহ্মপুত্রের তীব্র তোড়ে ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে প্রায় ১ হাজার ২০০ পরিবারের বসতভিটা, বিঘা বিঘা আবাদি জমি, একটি ঐতিহ্যবাহী কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা। ভিটেমাটি হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় অন্তত ৫০০ পরিবার। ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়লেও এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থা থেকে তাদের কপালে জোটেনি কোনো কার্যকর সহায়তা।
9:04 am, Friday, 31 July 2026
শিরোনাম :













