বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করার সময় এক দালালকে আটক করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। দায়িত্বরত আনসার সদস্যরা লক্ষ্য করেন, এক ব্যক্তি দেশের বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত চিকিৎসকের সাক্ষাৎ, উন্নত চিকিৎসা এবং স্বল্প খরচে সেবা পাওয়ার আশ্বাস দিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, এপিসি মো. জহিরুল ইসলাম এবং আনসার সদস্য কাওছার মিয়া ও সাইফুল ইসলাম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশনভিত্তিক দালালি করার কথা স্বীকার করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।
1:39 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
জাতীয় হৃদরোগ হাসপাতালে দালাল আটক, পুলিশে সোপর্দ
-
MIT ERP
- Update Time : 12:08:28 am, Thursday, 30 July 2026
- 3
Tag :
Popular Post

















