ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, মজুরি কম থাকা, আবাসনসংকট এবং জনসেবার মান নিয়ে অসন্তোষ থেকে ইউরোপের আরও ৩০টি দেশে আন্দোলন ও সংঘাতের ঘটনা ঘটেছে।
তবে বিক্ষোভের সবচেয়ে বড় কেন্দ্র এখনো ফ্রান্স। গত দেড় মাসে দেশটিতে ১ হাজার ২০০টিরও বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা নথিভুক্ত হয়েছে। গত শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভে অংশ নেন প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু রাজধানী প্যারিসেই সমবেত হয়েছিলেন ৪৬ হাজার বিক্ষোভকারী। তবে শ্রমিক সংগঠনগুলোর হিসাব ভিন্ন।
তাদের দাবি, দেশজুড়ে আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৫০ হাজার, যার মধ্যে প্যারিসে ছিলেন ৭৫ হাজার। আগের কয়েক সপ্তাহের তুলনায় বিক্ষোভকারীর সংখ্যা কমে এলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় প্রশাসন। প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার ও লাঠিপেটা করে পুলিশ।
একই ধরনের পরিস্থিতি তৈরি হয় দেশটির তৃতীয় বৃহত্তম শহর লিওঁতেও। সেখানে শহরের কেন্দ্রস্থলে সড়ক অবরোধ করা শত শত মানুষের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। বিক্ষোভ মোকাবিলায় সেদিন প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন। এর কয়েক দিন আগে শ্রমিক ইউনিয়নগুলোর আয়োজিত একটি সমাবেশে আনুমানিক ৫ লাখ ৭৫ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।
শিক্ষার্থীদের প্রতিবাদ দিয়ে আন্দোলনের সূচনা হলেও পরে তা নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়। বর্তমানে জ্বালানির অতিরিক্ত দাম, নিম্ন মজুরি, সামাজিক আবাসনের সংকটসহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ জানাচ্ছেন আন্দোলনকারীরা। কিছু এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনাও ঘটেছে। পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও সামনে এসেছে।
আলজাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ফ্রান্সের এই আন্দোলন এখন আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউরোপের বিভিন্ন রাষ্ট্রেও একই ধরনের অর্থনৈতিক ও সামাজিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভের বিস্তার ঘটছে। যেভাবে শুরু হয়েছিল ফ্রান্সের আন্দোলন আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে অন্তত ১০০ জনের অংশগ্রহণে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে।
শিক্ষা ব্যবস্থার দুরবস্থা, সরকারি সেবার ঘাটতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এসব কর্মসূচি পালিত হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশটির বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আন্দোলনে নামেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর অতিরিক্ত চাপ, প্রয়োজনীয় শিক্ষকের অভাব এবং স্কুল ভবনের বেহাল অবস্থা ছিল তাদের প্রতিবাদের প্রধান কারণ।
পরবর্তী সময়ে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিও আন্দোলনের অন্যতম দাবিতে পরিণত হয়। এতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পাশাপাশি ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও যুক্ত হন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুসারে, শুধু ১৭ অক্টোবরই ফ্রান্সের বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ৫ লাখের বেশি মানুষ।
এসিএলইডির প্রধান নির্বাহী ক্লিওনাধ র‍্যালি গত ১৯ অক্টোবর জানান, গত পাঁচ বছরে ফ্রান্সে প্রতিদিন গড়ে ২০ দশমিক ৫টি বিক্ষোভের ঘটনা রেকর্ড করেছে সংস্থাটি। কিন্তু চলমান আন্দোলনের সময়ে দৈনিক বিক্ষোভের সংখ্যা বেড়ে প্রায় ৬৬টিতে পৌঁছেছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় বিক্ষোভের হার তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। র‍্যালির ভাষ্য অনুযায়ী, সাধারণত কোনো বিক্ষোভের স্থায়িত্ব প্রায় ২০ দিন হয়ে থাকে।
বড় ধরনের আন্দোলন হলে তা সর্বোচ্চ ৩৬ দিন পর্যন্ত চলতে পারে। কিন্তু ফ্রান্সের চলমান আন্দোলন ইতোমধ্যে ৪৫ দিন অতিক্রম করেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আন্দোলনের গতি থামেনি। এই আন্দোলনের আরেকটি উদ্বেগজনক দিক হলো সহিংসতার উচ্চ হার। র‍্যালি জানান, মোট ঘটনার ২৪ দশমিক ২ শতাংশকে দাঙ্গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ অতীতের আন্দোলনগুলোতে এ ধরনের ঘটনার গড় হার ছিল মাত্র ১ দশমিক ৯ শতাংশ।
২০২৩ সালে নাহেল মেরজুকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পর ফ্রান্সে আর কোনো আন্দোলনে এত বেশি দাঙ্গার ঘটনা দেখা যায়নি। পুলিশের বলপ্রয়োগ নিয়ে জাতিসংঘের উদ্বেগ ফ্রান্সের বিক্ষোভ সামাল দিতে পুলিশের কর্মকাণ্ড নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উঠেছে। গত ২৮ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার পরিষদের ম্যান্ডেটপ্রাপ্ত চার বিশেষজ্ঞ শিক্ষার্থীদের আন্দোলন দমনে ফরাসি কর্তৃপক্ষের অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগে উদ্বেগ জানান।
এক যৌথ বিবৃতিতে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে, যাদের বড় একটি অংশ অপ্রাপ্তবয়স্ক। তাদের মতে, পরিস্থিতির তুলনায় এ ধরনের ব্যবস্থা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। এতে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হয়।
এতে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ইউরোপের আরও ৩০ দেশে একই ধরনের অসন্তোষ ফ্রান্সের বাইরে ইউরোপের আরও ৩০টি দেশে অর্থনৈতিক ও সামাজিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এসিএলইডির তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে অন্তত ১০০ জনের অংশগ্রহণে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে।
পর্তুগাল থেকে পোল্যান্ড পর্যন্ত বিভিন্ন দেশের মানুষ উচ্চ জীবনযাত্রার ব্যয়, কম মজুরি এবং সরকারি সেবার অপর্যাপ্ততার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এসব দেশের আন্দোলন এখনো ফ্রান্সের মতো ব্যাপক আকার ধারণ না করলেও ইউরোপজুড়ে জমে থাকা অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। গত মাসে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের ইউরোপীয় ইউনিয়নের আইন ও নীতিবিষয়ক অধ্যাপক আলবার্তো আলেমান্নো বলেন, আন্দোলনের প্রধান কেন্দ্র ফ্রান্স হলেও এর প্রভাব যে দেশের সীমানা ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়ছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিক্ষোভের সংখ্যায় শীর্ষে ফ্রান্স, এরপর স্পেন ও ইতালি এসিএলইডির পরিসংখ্যানে দেখা যায়, আলোচ্য সময়ের মধ্যে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে এ সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। অন্যদিকে স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি ঘটনার তথ্য পাওয়া গেছে। দেশভেদে আন্দোলনের ধরন ও প্রেক্ষাপট আলাদা হলেও প্রতিবাদের পেছনে বেশ কিছু অভিন্ন কারণ রয়েছে।
এর মধ্যে রয়েছে শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া বাড়িভাড়া ও আবাসনব্যয়। স্পেনে গত অক্টোবরের শুরুতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ২ অক্টোবর দেশটির পার্লামেন্টে জরুরি আবাসনসংক্রান্ত দুটি প্রস্তাব বাতিল হওয়ার পর আন্দোলন আরও জোরালো হয়।
এ ঘটনা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে। ইতালিতেও উচ্চ জীবনযাত্রার ব্যয় ও আবাসনের ক্রমবর্ধমান মূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এসব দাবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অন্যদিকে পর্তুগালের বিভিন্ন শহরে কয়েক হাজার মানুষ মজুরি বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আবাসনসংকট নিরসনের দাবিতে মিছিল করেছেন।
বিশেষ করে বড় শহরগুলোতে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ায় ক্ষোভ বাড়ছে। সামগ্রিকভাবে ফ্রান্সের আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশের মানুষের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক অসন্তোষকে নতুন করে সামনে নিয়ে এসেছে। জীবনযাত্রার ব্যয়, আবাসন এবং সরকারি সেবার সংকট সমাধান না হলে এই অসন্তোষ ভবিষ্যতে আরও বড় আন্দোলনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

























