আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমদানির ঋণপত্র (এলসি) খোলার নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট কিছু পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের পরিমাণ ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে সম্পর্ক বিবেচনা করে নির্ধারণ করতে পারবে।
এ বিষয়ে রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা সাধারণত বেড়ে যায়। এ সময় বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, বিভিন্ন ধরনের মসলা এবং খেজুর আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ বজায় রাখতে আমদানিকারকদের এলসি খোলার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া নতুন নির্দেশনাটি আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।





















