রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটিতে নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এআইএস), ঢাকা। এ লক্ষ্যে সোমবার (২৬ অক্টোবর) রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে রূপায়ণ সিটি উত্তরা ও অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই উদ্যোগের মধ্য দিয়ে উত্তরায় আন্তর্জাতিক শিক্ষার নতুন সুযোগ সৃষ্টির পথ তৈরি হলো। রূপায়ণ সিটির বাসিন্দাদের পাশাপাশি উত্তরার বৃহত্তর এলাকার পরিবারগুলোর জন্যও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, পরিচালক ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল এবং পরিচালক ও নির্বাচন ও নিয়োগ কমিটির চেয়ারম্যান মমতাজুল করিম আনসারী উপস্থিত ছিলেন।
এ ছাড়া রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাইফ আলী খাঁন অতুল ও ওয়ালিদ মুখাই আলী, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি. জে. উল্লাহ, রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের পরিচালক (মার্কেটিং) অমিত চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, “রূপায়ণ সিটি উত্তরা আমাদের কাছে শুধু একটি আবাসন প্রকল্প নয়; এটি একটি পরিকল্পিত ও আধুনিক জীবনব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে পরিবারগুলো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাসের পাশাপাশি তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাবে।
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আমাদের সেই বৃহত্তর পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে। ” অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ বলেন, “আজ আমরা একটি সমঝোতায় উপনীত হয়েছি। রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের আগমন দেশের আবাসন ও শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করবে।
” আধুনিক আবাসন, পরিকল্পিত পরিবেশ, নিরাপত্তা ও সমন্বিত নাগরিক সুবিধার সমন্বয়ে রূপায়ণ সিটি উত্তরা একটি আবাসিক কমিউনিটি হিসেবে গড়ে উঠেছে। সেখানে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আবাসনের পাশাপাশি শিক্ষা ও পরিবারকেন্দ্রিক জীবনযাপনের গুরুত্বকে আরও সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আন্তর্জাতিক শিক্ষার সুযোগ আবাসিক এলাকার কাছাকাছি নিয়ে আসার এই উদ্যোগ উত্তরায় আধুনিক আবাসন ও শিক্ষার সমন্বয়ে আরও সমৃদ্ধ জীবনপরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
নতুন ক্যাম্পাসটি চালু হলে স্থানীয় পরিবারগুলোর জন্য শিক্ষার সুযোগ আরও সহজলভ্য হওয়ার পাশাপাশি বৃহত্তর উত্তরার শিক্ষাব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। আবাসন ও শিক্ষার এই সমন্বয় একটি আধুনিক কমিউনিটির ধারণাকে আরও বিস্তৃত করবে, যেখানে উন্নত অবকাঠামোর পাশাপাশি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলাও গুরুত্ব পাবে।


























