কুমিল্লার লাকসামের নাওটি স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নাওটি স্টেশনের আউটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ট্রেনটির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, ইঞ্জিনসহ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে।






















