বরগুনার পাথরঘাটায় জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, পারিবারিক দায়িত্বের সুষম বণ্টন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পুরুষদের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে একটি সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির শক্তি প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলে, মৌয়াল, দিনমজুরসহ স্থানীয় শতাধিক ব্যক্তি অংশ নেন। কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক বৈষম্য, নারীর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী ও যুবদের ক্ষমতায়নে পুরুষদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়াও কর্মশালায় পরিবারে গৃহস্থালি কাজ ও যত্নের দায়িত্ব ভাগাভাগি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং বৈষম্যমুক্ত সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। জীবিকা, শিক্ষা, কমিউনিটি উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা কার্যক্রমে নারী ও যুবদের অংশগ্রহণ এবং নেতৃত্বের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণমূলক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে উৎসাহিত করা হয়।
কর্মশালার মূল লক্ষ্য হলো পরিবার ও সমাজে সমতা, সামাজিক ন্যায়বিচার এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুরুষদের দায়িত্বশীল ও সক্রিয় সহযোগিতা জোরদার করা। কর্মশালায় দোলনচাঁপা নারী দলের সভাপতি রুবি আফরোজ, শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার মরিয়াম আক্তার, কমিউনিটি অর্গানাইজার রাজিন আরা রনি, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।






















