রেস্টুরেন্টে যাওয়ার পথে যশোরের চৌগাছায় মিনি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রেমিক নয়ন হোসেন (১৯) ও লেডি বাইকার মিথিলা খাতুন (১৫)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার কয়ারপাড়া টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত নয়নকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মিথিলারও মৃত্যু হয়। নিহত নয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা যশোরের চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, মিথিলা মোটরসাইকেল চালিয়ে নয়নকে সঙ্গে নিয়ে চৌগাছা উপজেলার আড়ারদাহ এলাকার একটি রেস্টুরেন্টে যাচ্ছিলেন। পথে কয়ারপাড়া টালিখোলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মিথিলার মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রেমিক নয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিথিলাকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে নয়নের মৃত্যু হয়েছে। মিথিলার অবস্থাও আশঙ্কাজনক ছিল।
তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঢাকায় নেওয়ার পথে মিথিলার মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান তিনি। মিথিলার মা বেবি খাতুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুঠোফোনে এ প্রতিবেদককে মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, নয়নের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ঢাকায় নেওয়ার পথে মিথিলারও মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি মামুনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















