আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান এবং মন্দিরের পুরোহিত ও সেবাইতদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পৌর মিলনায়তনে একটি সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান।
পৌরসভার উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মুন্টু, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, লক্ষ্মীতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসাক কালা এবং পৌর সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাজাহান আলী।
অনুষ্ঠান শেষে পৌর এলাকার ১৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ ছাড়া ১৫ জন পুরোহিত ও সেবাইতকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৩৭ হাজার ৫০০ টাকার সম্মানী ভাতা প্রদান করা হয়।






















