কুড়িগ্রামের রৌমারীতে আলোচিত জোড়া খুনের মামলায় দীর্ঘ ২০ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে আব্দুল মমিন নামক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর চার আসামিকে তিন বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ ছাড়া মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায়ে আব্দুল মমিনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। অন্যদিকে, আমিনুল ইসলাম, সিদ্দিক, সফিকুল ইসলাম ও আবু বক্করকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তিন বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে আরও এক মাস কারাভোগ করতে হবে। খালাসপ্রাপ্ত চার আসামি হলেন মাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, হোসেন আলী ও হাসেন আলী। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন ও তার ভাতিজা খলিলুর রহমান নিহত হন। এ ঘটনায় নিহত জালাল উদ্দিনের ভাই মো. আব্দুর রউফ বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী আজিজুর রহমান দুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক। রায়ের প্রতিক্রিয়ায় এপিপি অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, দীর্ঘ ২০ বছর পর এ মামলার রায় হয়েছে।
এ রায়ে আমি সন্তুষ্ট।






















