গুগল অ্যাকাউন্ট এখন মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। দৈনন্দিন নানা কাজ থেকে শুরু করে পছন্দের ছবি এবং গুরুত্বপূর্ণ ই-মেইল ও নথি এই একটি অ্যাকাউন্টেই রয়েছে। তাই এসব ডেটার নিরাপত্তা খুব জরুরি। সেই বিবেচনা থেকেই গুগল নতুন একটি সাইন-ইন অপশন যুক্ত করেছে। সম্প্রতি গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, তারা সবসময় নিশ্চিত করতে চায় ব্যবহারকারীর তথ্যগুলো যেন সম্পূর্ণ ব্যক্তিগত, নিরাপদ এবং প্রয়োজনে হাতের কাছে থাকে। এ কারণেই তারা একাধিক সাইন-ইন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় তারা সাইন-ইন করার নতুন একটি উপায় যুক্ত করেছে, আর তা হলো সেলফি ভিডিও। সেলফি ভিডিও অ্যাকাউন্টে প্রবেশ করার নতুন একটি উপায়। কখনো যদি ব্যবহারকারীর অ্যাকাউন্ট লক হয়ে যায় অথবা নিয়মিত ব্যবহৃত ফোন বা কম্পিউটারটি কাছে না থাকে, তবে এটি আপনাকে অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে বাড়তি বিকল্প দেবে। পাসওয়ার্ড ভুলে যাওয়ার মতো পরিস্থিতিতেও এটি সহায়ক হবে। অর্থাৎ অ্যাকাউন্ট রিকভারির প্রয়োজন হলে এটি ব্যবহারকারীকে দ্রুত পুনরায় অ্যাকসেস করতে সাহায্য করবে। কীভাবে সেলফি ভিডিও সেটআপ ও ব্যবহার করবেন সেলফি ভিডিও সেট আপ করতে ব্যবহারকারীকে কেবল ডিভাইসের ক্যামেরার দিকে তাকাতে হবে। এরপর বিভিন্ন কোণ থেকে ছবি নেওয়ার জন্য নির্দেশনা অনুযায়ী মাথা সামান্য এদিক-ওদিক নাড়াতে হবে। পরবর্তীতে সাইন-ইন করতে গিয়ে কোনো সমস্যার মুখে পড়লে অ্যাকাউন্টের অ্যাকসেস নেওয়ার জন্য ব্যবহারকারীকে কেবল আরেকটি সেলফি তুলতে হবে। তখন নতুন ভিডিওটি ব্যবহারকারীর আগে সেটআপ করা ভিডিওটির সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ওই ব্যবহারকারীই যে অ্যাকাউন্টের প্রকৃত মালিক তা নিশ্চিত করে পুনরায় অ্যাকসেস করতে সাহায্য করবে এই সেলফি ভিডিও। গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তৈরি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, সেলফি ভিডিও সম্পূর্ণ ব্যবহারকারীর নিজস্ব সম্পদ এবং এর ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ব্যবহারকারীর অনুমতি নিয়েই এটি রেকর্ড ও নিরাপদে সংরক্ষণ করা হয়। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় গুগল অ্যাকাউন্ট থেকে এটি মুছে ফেলতে পারবেন। ব্যবহারকারী অন্য কোনো কাজে এটি শেয়ার করার অনুমতি না দিলে এটি শুধু সাইন-ইন করার কাজেই ব্যবহার হবে। সেলফি ভিডিওটি এনক্রিপ্টেড অবস্থায় থাকবে, অর্থাৎ ব্যবহার না হওয়ার সময়ও এটি সম্পূর্ণ নিরাপদে সংরক্ষিত থাকবে। ব্লগ পোস্টে গুগল আরও জানিয়েছে, সাইন-ইন করার জন্য সেলফি ব্যবহারের সময় ব্যবহারকারীর রূপ ধারণ করে জালিয়াতির চেষ্টা ঠেকাতে তারা নিরাপত্তার একাধিক স্তর ব্যবহার করছে। গুগল জানায়, পাসকি ও রিকভারি কন্টাক্টের মতো নিরাপদ ও সহজ সাইন-ইনের বিকল্প দেওয়ার জন্য তাদের যে কাজ চলছে, এটি তারই একটি অংশ।
4:44 am, Monday, 3 August 2026
শিরোনাম :
Popular Post




















