বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। এ নিয়ে হাসপাতালে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এক ব্যক্তি নিজেকে নবজাতকের বাবার পাশাপাশি প্রসূতি নারীর স্বামী বলে পরিচয় দেন।
পরে আরেক ব্যক্তি এসে একই দাবি করেন। তবে ওই নারী দ্বিতীয় ব্যক্তির সঙ্গে বিয়ে ও সন্তানের পিতৃত্বের দাবি অস্বীকার করেছেন। রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের ওই নারী সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন।
তবে কিছুক্ষণ পর এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনি। এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন।
সন্তান জন্ম দেওয়ার কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে হাসপাতালে উপস্থিত ব্যক্তিদের বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথি দেখান এমদাদুল। তবে এমদাদুলের দাবি প্রত্যাখ্যান করে শান্তা বলেন, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন। এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর শুভাস সেখান থেকে চলে যান।
ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে হয় বলে দাবি স্থানীয়দের। আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান।
দুই ব্যক্তির পিতৃত্ব ও বৈবাহিক সম্পর্কের দাবি সামনে আসার পর তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।






















