ঠাকুরগাঁওয়ে নতুন সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে। জেলার চার উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপিসংশ্লিষ্ট বলে অভিযোগ পাওয়া গেছে।
তাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক দলের নেতা, তাদের স্ত্রী, সন্তান, ভাই ও স্বজন। তালিকায় আছেন শিক্ষার্থী, খুচরা সার বিক্রেতা, টিসিবির ডিলার এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারও। অভিযোগ রয়েছে, নিয়োগ পাওয়া বেশির ভাগ ব্যক্তির সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা নেই। কারও নির্ধারিত ধারণক্ষমতার গুদাম নেই, কারও আগে কোনো ব্যবসাই ছিল না। এমনকি ৩১ জনের মধ্যে ২৬ জনের পূর্ববর্তী ব্যবসা, আয়করসংক্রান্ত তথ্য কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ব্যাংক হিসাব থাকার তথ্যও পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও ডিলার হতে পারেননি কয়েকজন ব্যবসায়ী। তাদের দাবি, রাজনৈতিক পরিচয় না থাকায় তারা বঞ্চিত হয়েছেন। গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয় নতুন সার ডিলার নিয়োগের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে দলীয় বিরোধের কারণে তিনটি ইউনিয়নে নিয়োগপ্রক্রিয়া স্থগিত রেখেছে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি।
কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের সই করা ৪ নভেম্বরের চিঠিতে জানানো হয়, পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ১১ জন, বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটিতে সাতজন, রানীশংকৈল উপজেলার একটি পৌরসভাসহ আটটি ইউনিয়নে আটজন এবং হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে পাঁচজন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের চারজন নেতা রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক একজন নেতা, একজন সমর্থক, ছাত্রদলের সাবেক দুই নেতা, মহিলা দলের একজন নেত্রী এবং তাঁতী দল ও ওলামা দলের একজন করে নেতা রয়েছেন। তাদের বাইরে ১০ জন বিএনপি নেতার স্ত্রী, দুই নেতার সন্তান, দুই নেতার ভাই এবং একজন নেতার স্বজন ডিলারশিপ পেয়েছেন।
তালিকায় রয়েছেন একজন খুচরা সার ডিলার, একজন টিসিবির ডিলার, দুজন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং তিন চাকরিজীবীর পরিবারের সদস্য। সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনও ডিলার হয়েছেন। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা, একজন সমর্থক এবং রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন—এমন একজনও তালিকায় রয়েছেন। তালিকায় বিএনপি নেতাদের স্ত্রী-সন্তান ও স্বজন পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম।
আবুল হোসেন রাজনীতির পাশাপাশি ওষুধ ও ডায়াগনস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি উপজেলা ড্রাগ সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। রেনুয়ারার নিজস্ব কোনো দোকান নেই। ভোমরাদহ বাজারে মমতাজ ফিলিং স্টেশনের পাশে সবুজ নামে এক কীটনাশক ব্যবসায়ীর দোকানের সামনে তার নামে সাইনবোর্ড লাগানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রেনুয়ারার আগে সার ব্যবসার কোনো অভিজ্ঞতা ছিল না।
ছেলের চাকরির কারণে স্ত্রীর নামে ডিলারশিপ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ। খনগাঁও ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার। তাদের কারও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ রয়েছে। পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদের মেয়ে শবনম মুস্তারী সিনথিয়া।
তিনি ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা পীরডাঙ্গী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক এবং মা সালমা বেগম ভেলাতৈড় দাখিল মাদ্রাসার শিক্ষক। সিনথিয়া ঢাকায় থাকেন। স্থানীয়ভাবে তার সার ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে। হাজীপুর ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম। দৌলতপুর ইউনিয়নে ডিলার হয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোজাফফর রহমান।
তাদেরও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ রয়েছে। পীরগঞ্জ পৌরসভায় ডিলার হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হকের স্ত্রী শ্যামলী আক্তার। পৌরসভার জগথা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আগে তার সার বিক্রির ব্যবসা ছিল না। এ ছাড়া সেনগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, সৈয়দপুর ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, জাবরহাট ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানের ছেলে আহমেদ আব ইয়াজ এবং বৈরচুনা ইউনিয়নে বিএনপির সমর্থক লুৎফর রহমান ডিলারশিপ পেয়েছেন।
তাদের কারও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ উঠেছে। বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আরফান আলীর স্ত্রী নাজনীন বেগম। আরফান নিজেও টিসিবির ডিলার। ফলে একই পরিবারে দুটি ডিলারশিপ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, নাজনীন আগে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না।
ধনতলা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাবেদের স্ত্রী সাবিনা আক্তার, বড় পলাশবাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, দুওসুও ইউনিয়নে তাঁতী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হায়দার আলী এবং ভানোর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম ডিলার হয়েছেন। তাদেরও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ রয়েছে।
আমজানখোর ইউনিয়নে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদের বড় ভাই জহিরুল হক ডিলার হয়েছেন। বড়বাড়ী ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার। জুলফিকার আলী নিজে নিকে পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তিনি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামের ঘনিষ্ঠ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টি এম মাহবুবর রহমানের ভাই হিসেবেও পরিচিত।
নুরজাহানেরও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ রয়েছে। তবে চাড়োল ইউনিয়নে ডিলার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছে মেসার্স জিএস ট্রেডার্স। প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর আলম ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদের বড় ভাই। জাহাঙ্গীর সিঙ্গাপুরপ্রবাসী। গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরে ছোট ভাইয়ের পরামর্শে সার ডিলারের জন্য আবেদন করেন বলে জানিয়েছেন তিনি।
তারও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না। রানীশংকৈল পৌরসভায় ডিলার হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, আগে তিনি সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। এ ছাড়া ধর্মগড় ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন, হোসেনগাঁও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন, লেহেম্বা ইউনিয়নে বিএনপির সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. হাসানের পুত্রবধূ মিথিলা সানজিদা সিমি এবং কাশিপুর ইউনিয়নে যুবদলের সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তার ডিলার হয়েছেন।
মিথিলা সানজিদার স্বামী প্রকৌশলী বাদল খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। দেলোয়ার পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন বলে জানা গেছে। নন্দুয়ার ইউনিয়নে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি কামাল আনোয়ার আহাম্মদের খালাতো ভাই রকিবুল হাসান ডিলার হয়েছেন। তিনি আগে থেকেই খুচরা সার ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত। বাচোর ইউনিয়নে ডিলার হয়েছেন রতন রায়, যিনি আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে ডিলার হয়েছেন সায়েদ আলী। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ওই ইউনিয়নে ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তবে চূড়ান্ত তালিকায় তার নাম নেই। ক্ষোভ প্রকাশ করে আমিনুল বলেন, ‘ডিলার হতে আমি টাকাও দিয়েছিলাম। কিন্তু আমাকে ডিলারশিপ দেওয়া হয়নি।
’ আমগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মশিউর রহমান, ডাঙ্গীপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক, হরিপুর ইউনিয়নে উপজেলা ওলামা দলের সভাপতি দরিবুল ইসলাম এবং ভাতুরিয়া ইউনিয়নে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন ডিলার হয়েছেন। নাজমা পারভীনের স্বামী সাইফুল ইসলাম একটি কলেজের অধ্যক্ষ।
তার দেবর আলাল বিএডিসির সার ডিলার। দলীয় বিবেচনায় ডিলার নিয়োগের অভিযোগ রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, ‘দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। যাদের মনোনীত করা হয়েছে, তাদের বেশির ভাগেরই অভিজ্ঞতা নেই, গুদামও নেই। এতে প্রকৃত সার ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
’ বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি বলেন, ‘সারের ডিলার নিয়োগে দুর্নীতি হয়েছে। যার টাকা নেই, তার ডিলারশিপও নেই। ’ জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘কৃষিপ্রধান দেশে ফসল উৎপাদন নিশ্চিত করতে সারের সরবরাহ সহজলভ্য করা জরুরি।
কিন্তু সেখানে আমরা সারের ডিলার নিয়োগেও দলীয়করণ দেখছি। এতে একদিকে কৃষিব্যবস্থা হুমকির মুখে পড়বে, অন্যদিকে সার সরবরাহের চেইন একধরনের সিন্ডিকেটে রূপান্তরিত হতে পারে। ’ যা বলছেন নিয়োগ পাওয়া ডিলাররা পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়ার বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কথা বলার একপর্যায়ে ‘কথা শোনা যাচ্ছে না, কল দিচ্ছি’ বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ধরেননি। হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, ‘আমার পরিবার অনেক বছর ধরে ব্যবসা করে। সেই হিসাবে সার ডিলার হতে আবেদন করি। যাচাই-বাছাই শেষে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছি। এখানে রাজনৈতিক বিবেচনা করা হয়নি। ’ এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতা-কর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
এখন তাদের অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিচ্ছেন। এ কারণে সারের ডিলারের জন্য আবেদন করেছেন। তবে ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যারা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তারা এখন নানা কথা ছড়াচ্ছেন। সারের ডিলার নিয়োগ ইউএনও ও ডিসির মাধ্যমে হয়েছে। অনিয়ম হলে সেটা তাদের দায়।
এখানে আমার কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগের যিনি নিয়োগ পেয়েছেন বলে বলা হচ্ছে, তিনি আমার নির্বাচনে কাজ করেছিলেন। নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে। ’ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, ‘নতুন সার ডিলার নিয়োগের বিষয়ে কৃষি বিভাগের কোনো মন্তব্য নেই।
’ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ‘সার ডিলারের আবেদন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে উপজেলা কমিটি নীতিমালা অনুসারে সুপারিশ করেছে। জেলা পর্যায়ে সেই সুপারিশে কোনো পরিবর্তন করা হয়নি। তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর পর সরকার নিয়োগের ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগও তারা পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





















