দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশের বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার অর্জন করেছে।
বাংলাদেশের অন্যতম ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দি বাংলাদেশ মনিটর’ এ পুরস্কার প্রদান করেছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইউএস-বাংলা আরও সাতটি ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এগুলো হলো—বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। ৮ নভেম্বর ২০২৬ ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্য অতিথি।
এ ছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অন্যদিকে বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে পেয়েছে সিলভার পুরস্কার।
অতিথিদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশন বিভাগের ব্যবস্থাপক ইকবাল আহমেদ। ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার অর্জনের বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান।
এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্রতিজ্ঞাবদ্ধ করে। উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ এবং ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কারে ভূষিত হয়েছে।





















