সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র কর্মী ও তাদের পরিবারের সদস্য। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং অন্য একটি পরিবারের তিনজন রয়েছেন। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্রে নিহতদের পারিবারিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- চকরিয়ার বাসিন্দা ও প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও একমাত্র মেয়ে।
তবে সন্তানদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত অন্য তিনজন হলেন একই প্রতিষ্ঠানের ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী, মক্কায় কর্মরত প্রতিষ্ঠানটির স্টোরকিপার শাহ আলম এবং শাহ আলমের এক মাস বয়সী কন্যাশিশু। আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা একটি ব্যক্তিগত গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন।
পথে মরুভূমির দীর্ঘ মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।


























