যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় ভিসার শর্ত সঠিকভাবে অনুসরণের বিষয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, দেশটিতে অবস্থানকালে চিকিৎসার খরচ চালাতে কোনো বিদেশি নাগরিক যদি সরকারি আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণ করেন, তবে সেটি ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে।
এমনকি এ ধরনের নিয়ম লঙ্ঘনের কারণে ভবিষ্যতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা স্থায়ীভাবে বাতিল হওয়ার ঝুঁকিও রয়েছে। শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় ভিসার যথাযথ ব্যবহার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব শর্ত মেনে চলার দায়িত্ব সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজের।
তাই দেশটিতে যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসাসংক্রান্ত নিয়ম ও বিধিনিষেধ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নিয়েও সতর্ক করেছিল দূতাবাস। সেখানে বলা হয়, প্রত্যেক ভ্রমণকারীকে পাসপোর্টে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
নিজের অনুমোদিত অবস্থানের শেষ তারিখ জানতে i94.cbp.dhs.gov ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া গত ২৮ অক্টোবর প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে বি১/বি২ ক্যাটাগরির সাধারণ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠক, সভা এবং বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা করা যাবে।
তবে দেশটিতে স্থায়ীভাবে চাকরি করা বা অন্য কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়ার জন্য আলাদা শ্রেণির ভিসা নিতে হবে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে এসব নিয়ম ও ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।






















