মানিকগঞ্জের ঘিওরে সানোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নিজ বাড়ির টিনের ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত সানোয়ার হোসেন ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার শামসুল হকের ছেলে। তার মৃত্যুর পেছনে আগের দিন এক ব্যক্তির মারধর ও অপমানের ঘটনা থাকতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) দুপুরে নিজ বাড়ির পাশের সবজিবাগানে কাজ করছিলেন সানোয়ার। এ সময় প্রতিবেশী পিয়াস আহমেদ মুমিনের স্ত্রী রিমি আক্তার অভিযোগ করেন, সানোয়ার তাদের গোসলখানার টিনের বেড়ার ওপর দিয়ে তাকে গোসল করতে দেখছিলেন।
এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মুমিন সানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাকে গালাগাল ও কিল-ঘুষি মারেন। পরে আবার মারধরের হুমকি দিয়ে চলে যান। পরিবার ও স্থানীয়দের ধারণা, মারধর ও অপবাদের অপমান সহ্য করতে না পেরে সানোয়ার আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে । খবর পেয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।
তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।






















