চলতি মাসে টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ঘোষিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
আগামী ৬ নভেম্বর (শুক্রবার) থেকে ৮ নভেম্বর (রোববার) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ ছুটির সুযোগ থাকছে না। গত বুধবার (২১ অক্টোবর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে আগে থেকেই নির্ধারিত শ্যামাপূজার ছুটির সঙ্গে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশ তৈরি হয়েছে।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুসারে, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এ পূজা উদযাপিত হবে।
সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে শুক্রবারের সাপ্তাহিক ছুটি, শনিবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রোববারের শ্যামাপূজার ছুটি মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। একই সঙ্গে সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এ ছুটির আওতায় থাকবে। যদিও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ ছুটির বিষয়টি ভিন্ন।
বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, মাদ্রাসার শিক্ষার্থীরাও এ ছুটি পাচ্ছেন না। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির উল্লেখ নেই।





















