মাদারীপুরের রাজৈরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে বিষপানে আত্মহত্যা করেছেন ওই শিশুর মা। শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ি এলাকার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রত্না মজুমদার (৩৫)। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রি সজল মজুমদারের স্ত্রী এবং ভুক্তভোগী শিশুটির মা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পর প্রতিবেশী বিচরণ বালা (৬৫) কৌশলে ওই শিশুকে বাড়ির রান্নাঘরে ডেকে নেন। এ সময় পাশের দোকানদার সমির মজুমদার টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে রান্নাঘরের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি সেখানে গিয়ে বিচরণ বালাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর শনিবার রাতে বিষপান করেন শিশুটির মা রত্না মজুমদার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজৈর থানার ওসি শেখ মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত বিচরণ বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।






















