ছোটবেলায় বাবাকে হারিয়ে থেমে গিয়েছিল পড়াশোনা। এরপর সংসার ও পরিবারের দায়িত্ব সামলাতে কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। তবে মনের মধ্যে বেঁচে ছিল শিক্ষার স্বপ্ন। সেই স্বপ্নপূরণে ৪৮ বছর বয়সে আবারও হাতে তুলে নেন বই-খাতা।
অবশেষে ৫২ বছর বয়সে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঐচ্ছিক বিষয়সহ ৪.২১ জিপিএ অর্জন করে উত্তীর্ণ হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শেফালী বেগম। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। শেফালীর এই সাফল্য কেবল একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনা নয়, এটি দীর্ঘদিনের স্বপ্ন, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও প্রতিকূলতা জয় করার এক অনন্য গল্প।
বয়স কিংবা সংসারের দায়িত্ব যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তা নিজের অর্জনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি। তার এই সাফল্য বিশেষ করে শিক্ষার সুযোগ থেকে ঝরে পড়া নারী ও অন্যদের জন্য নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে উঠেছে। শেফালীর শিক্ষাজীবনের শুরুটা ছিল মেধা ও সম্ভাবনায় ভরা। ছোটবেলায় বাবাকে হারানোর পর পারিবারিক নানা সংকটে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলোতে মেধাতালিকায় থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে একসময় বই-খাতা ছেড়ে সংসারের বাস্তবতায় প্রবেশ করতে হয় তাকে। পরবর্তী সময়ে স্বামী-সন্তান ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শিক্ষার স্বপ্ন দীর্ঘদিন চাপা পড়ে থাকে। তবে পড়াশোনার প্রতি আগ্রহ কখনো হারিয়ে যায়নি। একপর্যায়ে স্বামী ও তিন সন্তানের উৎসাহে ৪৮ বছর বয়সে নতুন করে পড়াশোনা শুরু করেন শেফালী।
দীর্ঘ শিক্ষাবিরতি, বয়সের ব্যবধান ও সংসারের ব্যস্ততা কোনো কিছুই তার অদম্য ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শেষ পর্যন্ত অর্জন করেন কাঙ্ক্ষিত ফল। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পরীক্ষায় তার মূল জিপিএ ৩.৯৬ এবং ঐচ্ছিক বিষয়সহ জিপিএ দাঁড়িয়েছে ৪.২১।
তিনি গোমনাতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী ছিলেন। শেফালীর ছেলে আব্দুর রাজ শাফি বর্তমানে দক্ষিণ কোরিয়ার কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। তিনি বলেন, ‘মায়ের এই সাফল্য আমাদের পরিবারের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তার ত্যাগ, দোয়া ও অনুপ্রেরণার কারণেই আমরা আজ প্রতিষ্ঠিত হতে পেরেছি।
আমি চাই, মা এখানেই থেমে না থেকে স্নাতকসহ আরও উচ্চশিক্ষা অর্জন করুন। ’ মেয়ে মাকছুরা খানম নাসমুন রংপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত। তিনি বলেন, মায়ের এই সাফল্য শুধু আমাদের পরিবারের আনন্দের বিষয় নয়, এটি সমাজের সব নারী ও শিক্ষাবঞ্চিত মানুষের জন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, বয়স কখনো শিক্ষার পথে বাধা হতে পারে না।
গোমনাতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ দিলীপ রায় বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন সংগ্রামী শিক্ষার্থী খুব কমই দেখেছি। শেফালী বেগম প্রমাণ করেছেন, শিক্ষা বয়সের কাছে নয়, ইচ্ছাশক্তির কাছেই হার মানে। তার সাফল্য অন্যদেরও নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত শেফালী বেগম বলেন, ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের কারণে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল।
প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পরীক্ষাগুলোতে বরাবরই মেধাতালিকায় ছিলাম। কিন্তু পরিস্থিতির কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। পরে স্বামী ও সন্তানদের উৎসাহে আবার পড়াশোনা শুরু করি। আজ ৪.২১ জিপিএ নিয়ে এইচএসসি পাস করতে পেরে মনে হচ্ছে, জীবনের একটি বড় স্বপ্ন পূরণ হয়েছে। তার স্বামী মকছেদুল আলম মজনু বলেন, শেফালী পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন ত্যাগ করেছে।
দীর্ঘদিন পর নিজের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। তার এই সাফল্যে আমরা সবাই গর্বিত। ভবিষ্যতেও তার পড়াশোনার পথে পাশে থাকব। শেফালী বেগমের নাতনি ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শারাফি রাজ বলে, আমার দাদি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ৫২ বছর বয়সে দাদি এইচএসসি পাস করেছেন, এতে আমি ভীষণ খুশি ও গর্বিত। দাদির এই সাফল্য দেখে আমিও পড়াশোনায় আরও মনোযোগী হতে চাই।
বড় হয়ে আমি চিকিৎসক হতে চাই। দাদি আমাকে শিখিয়েছেন, মন দিয়ে চেষ্টা করলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। শিক্ষাজীবনের দীর্ঘ বিরতি পেরিয়ে শেফালীর এই অর্জন সমাজের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশেষ করে সংসারের দায়িত্ব, আর্থিক সংকট কিংবা পারিবারিক নানা কারণে যেসব নারী মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, তাদের জন্য তার সাফল্য হতে পারে নতুন করে পথচলার সাহস।
৪৮ বছর বয়সে আবার পড়াশোনা শুরু করে ৫২ বছর বয়সে এইচএসসি পাসের মাধ্যমে শেফালী বেগম যেন সমাজকে একটি বার্তাই দিয়েছেন- স্বপ্ন পূরণের কোনো নির্দিষ্ট বয়স নেই, শিক্ষারও কোনো বয়স নেই। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও পরিবারের সহযোগিতা থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুন করে শুরু করা সম্ভব।





















