ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের চেহারার সাথে অমিল থাকা সত্ত্বেও তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানোর অভিযোগে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ইলিয়াস আলী (৩১) নিজ বাড়িতে বসে ফেসবুক ব্যবহারকালে বিষয়টি নজরে আসে। এজাহার সূত্রে জানা যায়, ‘মুহাম্মদ ইউসুফ চট্টগ্রাম’ নামীয় ফেসবুক আইডি থেকে (লিংক: http://facebook.com/Chattagramme) একটি ভিডিও প্রচার করা হয়। যার শিরোনাম ছিল ‘ঠাকুরগাঁও-২ আসনের এমপি মো. আব্দুস সালামের সাথে আবাসিক হোটেলে মডেল ইসা মনি অস্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস’।
(পোস্ট লিংক: http://facebook.com/reel/21383238734321051) ভুক্তভোগীর দাবি, ভিডিওতে প্রদর্শিত ব্যক্তির চেহারা ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের সাথে কোনো মিল নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি, সম্পাদনা বা বিকৃত করে তাঁর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন এবং জনমনে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে এজাহারকারী মো. ইলিয়াস আলী বলেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। একজন জনপ্রতিনিধির নামে এ ধরনের জঘন্য অপপ্রচার মেনে নেওয়া যায় না। আমি প্রশাসনের কাছে এই ভুয়া ভিডিওর উৎস খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তিনি আরও জানান, ঘটনার সত্যতা সম্পর্কে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামকে অবহিত করা হলে তিনি থানায় এজাহার দায়েরের অনুমতি প্রদান করেন।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





















