সরকারি রাজস্ব ফাঁকি ও দুই কর্মকর্তার ওপর হামলার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে জামিন পেয়েছেন দুই সম্পাদক। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন গাজীপুরের হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে।
পত্রিকাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই সংবাদ প্রকাশের পর প্রতিশোধপরায়ণ হয়ে হাবিবের সিন্ডিকেট সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে মনগড়া ও মিথ্যা মামলা দায়ের করেছে। সাংবাদিক সমাজের একাংশের মতে, অনুসন্ধানী সাংবাদিকতা ও দুর্নীতির অভিযোগ প্রকাশের জেরে এ ধরনের মামলা স্বাধীন সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ এবং সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা।
হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই সোচ্চার রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে দুই সম্পাদকের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান ও অ্যাডভোকেট মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
তিনি বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে। তবে কোনো ধরনের তদন্ত ছাড়াই সরাসরি পরোয়ানা জারি করা কতটা আইনসিদ্ধ, সে প্রশ্ন জাতির কাছে রাখতে চান তিনি। সংগঠনটির নেতারা জানান, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে পুরো সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বলেন, ‘সাংবাদিকদের কলম ও অনুসন্ধানী দৃষ্টি থামাতেই এ ধরনের বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে।
অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের একমাত্র কাজ। মিথ্যা মামলা বা হুমকি-ধমকি দিয়ে সত্যের অগ্রযাত্রা কখনো থামিয়ে রাখা যাবে না।


























