মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম খান (৩৮)-কে হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ২৬ অক্টোবর দুপুরে ঘিওরের নালী ইউনিয়নের উভাজানী এলাকায় বাড়ির সামনের নিজ দোকান থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসিফ ইসলাম খান একই ইউনিয়নের উভাজানী গ্রামের পাশা খানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, যুবদল নেতা আসিফ ইসলাম খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যুবদল নেতা আসিফ ইসলাম খানকে হেরোইনসহ আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, যুবদলের ব্যানারে থেকে কোন ধরনের অপকর্মের সুযোগ নেই। কোন ব্যক্তির দায় দল বহন করবেনা। যারা অপকর্মের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।





















