ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকায় নেওয়া হয় তাকে।
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের জানান, ভূমি মন্ত্রী কয়েকদিন আগে চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে তাকে যেসব ওষুধ দেওয়া হয়েছিল, সেগুলোর ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি-বিচ্যুতি হওয়ার কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এর ফলে গত কয়েকদিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।
তিনি জানান, রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে নিয়মিত দেখছিলেন। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শেই তাকে এখন ঢাকায় হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।





















