মাদারীপুরের কালকিনি উপজেলায় শারদীয় দুর্গাপূজার শেষ দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এ বি এম মাহামুদ আলম সরদার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি কালকিনি পৌর এলাকার পালপাড়া, এনায়েতনগর ইউনিয়নের অমল বাড়ৈ ও শ্যামল বাড়ৈর ঐতিহ্যবাহী পূজামণ্ডপ এবং বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপগুলোর আয়োজক, ভক্ত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে তার সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের শুভেচ্ছা বিনিময় ও সহযোগিতা স্থানীয় পর্যায়ে পারস্পরিক সৌহার্দ্য এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।























