সময়টা মোটেও ভালো যাচ্ছিল না সালমান আলী আগার। টানা ব্যর্থতার পর গত আগস্টে ইংল্যান্ড সফরের মাঝপথেই দেশে ফিরিয়ে পাঠানো হয়েছিল তাকে। এরপর প্রায় দুই মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তবে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।
ফিরেই হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার শতকে ভর করে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। রোববার রাওয়ালপিন্ডিতে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ৩০৫ রান তোলে স্বাগতিকরা। জবাবে ৪৮.১ ওভারে ২৬৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পাকিস্তানের জয়ের নায়ক আগা ৯০ বলে ১০টি চার ও একটি ছক্কায় করেন ১০৭ রান।
বল হাতে ৫৫ রানে ৩ উইকেট নিয়ে জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৩২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। সাইম আইয়ুব ৭ ও ফখর জামান ১৬ রান করে ফেরেন দিলশান মাদুশঙ্কার বলে। শুরুর ধাক্কা সামাল দেন বাবর আজম ও অভিষিক্ত সাদ বেগ। তৃতীয় উইকেটে ৭৪ রান যোগ করেন দুজন।
বাবর ৪৫ ও সাদ ৪০ বলে ৩৯ রান করেন। তবে পরপর দুই ওভারে দুজনকেই ফিরিয়ে পাকিস্তানকে আবার চাপে ফেলেন এশান মালিঙ্গা। সেখান থেকে দলের হাল ধরেন আগা। প্রথমে হাসান নওয়াজের সঙ্গে পঞ্চম উইকেটে যোগ করেন ৯৭ রান। হাসান করেন ৩৭। এরপর আরাফাত মিনহাসকে নিয়ে ষষ্ঠ উইকেটে আরও ৬৪ রান যোগ করেন আগা। মিনহাসের ব্যাট থেকে আসে ১৮ রান। একপ্রান্ত আগলে রেখে দ্রুত রানও তুলতে থাকেন আগা।
শেষ পর্যন্ত আসিথা ফার্নান্দোকে পরপর দুটি চার মেরে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তবে ইনিংসের ৪৭তম ওভারে সেই ফার্নান্দোর বলেই আউট হন তিনি। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার মালিঙ্গা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪৬ রানে ৪ উইকেট নেন এই পেসার। ফার্নান্দো ৫৯ রানে নেন ৩ উইকেট। ৩০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেছিল শ্রীলঙ্কাও।
বিশেষ করে পাভান রতœায়েকে ও জানিত লিয়ানাগের ব্যাটে একটা সময় জয়ের আশাও দেখছিল সফরকারীরা। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ১১৯ রান। রতœায়েকে ৭৯ রানের ইনিংস খেলেন ছয়টি চার ও দুটি ছক্কায়। লিয়ানাগে করেন ৬০ রান, তার ইনিংসে ছিল পাঁচটি চার। ওপেনার কামিন্দু মেন্ডিসও ৪৪ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। শেষ দিকে দাসুন শানাকা ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি।
মাত্র ১৫ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় সফরকারীরা। পাকিস্তানের হয়ে বল হাতে নেতৃত্ব দেন অধিনায়ক শাহিন আফ্রিদি। ৫৫ রানে ৩ উইকেট নেন বাঁহাতি এই পেসার। নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট। জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা পাকিস্তানের পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড।





















