সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. সোহাগ (২০), পিতা মো. মজিদ এবং মো. আলাল মিয়া (২২), পিতা আবদুর রশিদ। মধ্যনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক মো. নবী হোসেন মিয়া ও সহকারী উপপরিদর্শক মো. কাউসার আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মদসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এই চক্রটি দীর্ঘদিন ধরে মধ্যনগর সহ পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশা, মোহনগঞ্জ, বারহাট্টা কলমাকান্দা আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল।
পুলিশও তাদেরকে অবৈধ মালামালসহ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক কারবারিদেরকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















