আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
প্রচারের অংশ হিসেবে শুক্রবার বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, মোড় ও জনবহুল এলাকায় গণসংযোগ চালান অ্যাডভোকেট হেমায়েত হোসেন। গণসংযোগকালে তিনি পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে নিজের লিফলেট তুলে দেন এবং ভোটারদের কাছে সমর্থন ও দোয়া চান। গণসংযোগকালে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা ও আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তরুণ সমাজের কাছে আলফাডাঙ্গাকে একটি সমৃদ্ধ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সর্বস্তরের জনগণ ও সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গণসংযোগকালে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, আমি আলফাডাঙ্গার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চাই। উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জয়ী হতে পারলে আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করব।






















