জামালপুরের বকশীগঞ্জে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ফেরদৌস (২৫) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ফেরদৌস বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকার আব্দুর রউফের ছেলে। প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাট্টাজোর এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌসকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
























