রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে অবসরপ্রাপ্ত এক অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ভবনের সিঁড়ির পাশ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোশারফ হোসেন মুন্সিগঞ্জের পশ্চিম দেওভুনা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বনানীর রোড নং ৫, বাসা নং ৪০, সি/৩ এ বসবাস করতেন। তার দুই মেয়ে বড় মেয়ে আমেরিকাতে থাকে এবং ছোট মেয়ে তাসমিয়া মারজান বাবার সাথেই থাকতেন। তিনি অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। ঢাকা মেডিকেল কলেজে আসা নিহতের মামাতো ভাই মোঃ নাজমুল হাসান মিলন বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, শুক্রবার (১৬ অক্টোবর) আনুমানিক সকাল ১০ টার দিকে মোশারফ হোসেন তার ছোট মেয়ে তাসমিয়া মারজান কে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন।
ছোট মেয়ে তাসনিয়া মারজান কয়েকদিন পর পরই সুইমিং করার জন্য অফিসার্স ক্লাবে যেতেন। আজকেও সেই সূত্র ধরেই গিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার মেয়েকে সুইমিং করার জন্য পাঠান। এদিকে তার ছোট মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে। কদিন পরেই বিয়ে। সেই বিয়ের আনুষ্ঠানিক কিছু কাজের জন্য (বুকিং) ভবনের অন্য দিকের একটি নির্মাণাধীন সাইডে চলে আসেন।
তিনি চোখে অনেক কম দেখতেন। তিনি আসলে লিফট খুঁজে পাচ্ছিলেন না একবার সিঁড়ি দিয়ে নামছিলেন একবার উঠছিলেন। এর মধ্যে নিচে থেকে কারেন্টের তার তোলার জন্য একটা ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান। পরবর্তী তার মরদেহ প্রথমে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডেট সার্টিফিকেট এবং আনুষঙ্গিক কিছু কাজের জন্য রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে মরদেহটি হিম ঘরে রাখা হয়েছে। তিনি আরো জানান , আমাদের এই মৃত্যুতে কোন অভিযোগ নেই কারন আমরা পরিবারের সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখেছি। এবং প্রশাসন থেকেও এই সিসিটিভি ফুটেজ দেখে এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখছে। এবং তার বয়সের কথাও চিন্তা করে আমরা ময়নাতদন্ত করতে চাচ্ছিনা। এবং প্রশাসন থেকেও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে ।
নিহতের বড় মেয়ে আমেরিকাতে থাকে। আমেরিকা থেকে দেশে ফিরলেই তার দ্বাফন সম্পন্ন হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।
সকল আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























