দেশে এসেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছে। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনের কর্মকর্তারা কোচগুলো দর্শনা সীমান্তে গ্রহণ করেন।
এ সময় সীমান্তে নতুন রেলকোচ দেখতে অনেকেই ভীড় জমান। রেলকোচসমূহের মধ্যে রয়েছে ১১টি নন এসি শোভন চেয়ার কার, ০৩ টি এসি চেয়ার কার, ০২ টি এসি স্লিপার কার এবং ০২ টি এসি পাওয়ার কার। ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠায় ভারত। এরপর পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থান করে।
এরপর আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পশ্চিমবঙ্গের গেত বন্দর দিয়ে বাংলাদেশের দর্শনায় পৌঁছে। বাংলাদেশের দর্শনায় কাস্টম ক্লিয়ারেন্স সহ আনুষঙ্গিক কার্যাদি শেষে কোচগুলো পরীক্ষা-নীরিক্ষার উদ্দেশে নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে ছেড়ে যাবে। বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, কোচগুলো পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে।
এতে রেলওয়ের যাত্রীসেবা বাড়বে। পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো আজ দর্শনা বন্দরে ঢুকল। এরপর সৈয়দপুর রেলকারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রান করা হবে। তারপর বলা যাবে৷ কোচগুলে কেমন হয়েছে।





















