অ্যামাজন নতুন তিনটি ট্যাবলেট উন্মোচন করেছে, যেগুলোতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী অ্যালেক্সা প্লাস এবং গুগল প্লে স্টোর ব্যবহারের সুবিধা। মডেল তিনটি হলো অ্যালেক্সা ট্যাবলেট ১২ প্রো, অ্যালেক্সা ট্যাবলেট ১১ ও অ্যালেক্সা ট্যাবলেট ৮।
নতুন ট্যাবলেটগুলোতে রয়েছে অ্যান্ড্রয়েড পরিচালন ব্যবস্থা, উন্নত পর্দা এবং অ্যালুমিনিয়ামের কাঠামো। গুগল প্লে স্টোর থেকে ইউটিউব, নেটফ্লিক্স ও জিমেইলসহ বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা যাবে। অ্যালেক্সা প্লাসের সাহায্যে প্রশ্নের উত্তর জানা, স্মার্ট হোমের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ এবং পর্দায় থাকা বিষয়বস্তু সম্পর্কে পরামর্শ নেওয়া যাবে। ১২ প্রো মডেলে রয়েছে ১২ ইঞ্চির পর্দা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৬ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা। ১১ ইঞ্চির মডেলটিতে রয়েছে ২.৫ কে পর্দা ও ১৫ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা। আর ৮.৭ ইঞ্চির ছোট মডেলটির ওজন মাত্র ৩২৯ গ্রাম। ট্যাবলেটগুলোর দাম শুরু হচ্ছেÑ যথাক্রমে ৪৯৯.৯৯, ৩২৯.৯৯ ও ২২৯.৯৯ ডলার থেকে। নতুন সিরিজের পাশাপাশি শিশুদের জন্যও আলাদা ট্যাবলেট এনেছে অ্যামাজন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় নতুন ট্যাবলেটগুলোর বিক্রি শুরু হবে ১৪ অক্টোবর ২০২৬ থেকে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনে বিক্রি শুরু হবে ১৯ অক্টোবর থেকে।





















