ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নেন কাতলামারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার শাহাবুদ্দিনের দুই মেয়ে নাহিদা (৭), ফাতেমা (৩)।
ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ঠে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামের শাহাবুদ্দিন নতুন টিনশেড ঘর তুলেছেন। ওই ঘরে নতুন ঘরে বিদ্যুৎ নেয়ার জন্য লাইন টানা হচ্ছিল। ওই তারের লিকেজ থেকে স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ওই সময় দুই শিশু ঘরের ভিতরে ছিল। দরজা খোলে বাইরে বের হওয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ঠে ঘটনাস্থলেই মারা যায়। ওসি জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা-ময়নাতদন্তে মরদেহ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।






















